গতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
উত্তর: যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।
প্রশ্ন-২. পর্যাবৃত্ত গতি কাকে বলে?
উত্তর: কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, যে এটি এর গতি পথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে।
প্রশ্ন-৩. স্পন্দন গতি কী?
উত্তর: পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকী অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে।
প্রশ্ন-৪. স্কেলার রাশি কাকে বলে?
উত্তর: যে সকল ভৌতরাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় দিক নির্দেশের প্রয়োজন হয় না তাকে স্কেলার রাশি বলে।
প্রশ্ন-৫. ভেক্টর রাশি কাকে বলে?
উত্তর: যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্যে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে।
প্রশ্ন-৬. সরণ কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।
প্রশ্ন-৭. সুষম দ্রুতি কাকে বলে?
উত্তর: যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে অর্থাৎ গতিপথে দ্রুতির কোনো পরিবর্তন না ঘটে, তবে তাকে সুষম দ্রুতি বলে।
প্রশ্ন-৮. তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?
উত্তর: সময়ের ব্যবধান খুব অল্প হলে গতিশীল কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারই ঐ মুহূর্তের তাৎক্ষণিক দ্রুতি।
প্রশ্ন-৯. সুষম বেগ কাকে বলে?
উত্তর: যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগ কে সমবেগ বলে।
প্রশ্ন-১০. ত্বরণ কী? উত্তর: সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
প্রশ্ন-১১. সুষম ত্বরণ কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে ঐ বেগ বৃদ্ধির হারকে সুষম ত্বরণ বলে।
প্রশ্ন-১২. অসম ত্বরণ কাকে বলে?
উত্তর: গতিশীল কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, তাহলে সে ত্বরণকে অসম ত্বরণ বলে।
প্রশ্ন-১৩. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
উত্তর: অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
প্রশ্ন-১৪. পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি লিখ।
উত্তর: স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।
প্রশ্ন-১৫. পড়ন্ত বস্তুর ২য় সূত্রটি লিখ।
উত্তর: স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক।
প্রশ্ন-১৬. পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি লিখ।
উত্তর: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের বর্গের সমানুপাতিক।
প্রশ্ন-১৭. পরম গতি কী?
উত্তর: পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে।
প্রশ্ন-১৮. অসম দ্রুতি কাকে বলে?
উত্তর: বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সেই দ্রুতিকে অসম দ্রুতি বলে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. সরল দোলকের গতি স্পন্দন গতি কেন?
উত্তর: পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকী অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। সরল দোলকের গতির ক্ষেত্রে দোলকের বর পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে, বাকী অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। তাই সরল দোলকের গতি স্পন্দন গতি।
প্রশ্ন-২. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কি ধরনের গতি? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতি পথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। সূর্যের চারদিকে পৃথিবী কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় (পৃথিবীর বার্ষিক গতির সমান অর্থাৎ ৩৬৫ দিন ৬ ঘন্টা) পর পর একই দিক থেকে অতিক্রম করে। সুতরাং, সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি।
প্রশ্ন-৩. বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না— ব্যাখ্যা কর।
উত্তর: ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি, সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যদি বেগের পরিবর্তন না থাকে অর্থাৎ বেগের পরিবর্তন শূন্য (0) হয় তবে বেগের পরিবর্তনের হারও শূন্য (0) হবে। ফলে সেক্ষেত্রে ত্বরণ আর থাকে না।
প্রশ্ন-৪. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন?
উত্তর: গাণিতিক হিসাব থেকে দেখা যায় যে, ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায়, অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য (g=0)। আর আমরা জানি ওজন W=mg; সুতরাং g এর মান শূন্য হওয়ায় পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়।
প্রশ্ন-৫. পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি ব্যাখ্যা কর।
উত্তর: পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র হলো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে, তা ঐ সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ ht2।
সুতরাং মুক্তভাবে পড়ন্ত বস্তু t1,t2,t3 সময়ে যথাক্রমে h1,h2,h3 দূরত্ব অতিক্রম করলে:
h1t12=h2t22=h3t32=ধ্রুবক
তাই বস্তুটি প্রথম সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করলে, প্রথম দুই সেকেন্ডে 4h দূরত্ব এবং প্রথম তিন সেকেন্ডে 9h দূরত্ব অতিক্রম করবে।
প্রশ্ন-৬. বেগ ও দ্রুতির মধ্যে দুটি পার্থক্য লিখ।
উত্তর: বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য নিম্নরূপ:
| পার্থক্যের বিষয় | বেগ | দ্রুতি |
| ১. সংজ্ঞা | সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বলে। | সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। |
| ২. রাশি | বেগের মান ও দিক উভয়ই আছে, তাই বেগ ভেক্টর রাশি। | দ্রুতির কোনো দিক নেই, তাই দ্রুতি একটি স্কেলার রাশি। |
প্রশ্ন-৭. অভিকর্ষজ ত্বরণকে সমত্বরণ বলে ব্যাখ্যা কর।
উত্তর: কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম বা সমত্বরণ বলে। আবার আমরা জানি অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। যেহেতু ভূপৃষ্ঠের কাছাকাছি মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে নির্দিষ্ট হারে (9.8ms-1) বাড়তে থাকে, তাই অভিকর্ষজ ত্বরণকে সমত্বরণ বলা হয়।
প্রশ্ন-৮. তাৎক্ষণিক দ্রুতি বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো মুহূর্তকে ঘিরে অতি ক্ষুদ্র সময় ব্যবধানে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে ঐ মুহূর্তের তাৎক্ষণিক দ্রুতি বলে। অতি ক্ষুদ্র সময় ব্যবধান t তে যদি বস্তুর দূরত্বের পরিবর্তন x হয়, তাহলে তাৎক্ষণিক দ্রুতি, v=xt।
প্রশ্ন-৯. অভিকর্ষও এক ধরনের মহাকর্ষ—ব্যাখ্যা কর।
উত্তর: এ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যবর্তী আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। আর এই দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয়, তবে তাদের মধ্যকার আকর্ষণকে অভিকর্ষ বলা হয়। সুতরাং, অভিকর্ষ হলো পৃথিবী ও অন্য যেকোনো বস্তুর মধ্যে মহাকর্ষ বল। এই কারণে অভিকর্ষও এক ধরনের মহাকর্ষ।
প্রশ্ন-১০. ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 9.8ms-2 বলতে কী বুঝ?
উত্তর: ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 9.8ms-2 বলতে বোঝায়, কোনো বস্তু ওপর থেকে মুক্তভাবে ভূ-পৃষ্ঠের দিকে পড়তে থাকলে এর বেগ প্রতি সেকেন্ডে 9.8ms-1 করে বৃদ্ধি পায়।
প্রশ্ন-১১. বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা কর।
উত্তর: বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরতে থাকা বস্তুর মানের কোনো পরিবর্তন না হলেও প্রতিটি মুহূর্তে তার গতির দিক পরিবর্তিত হয়। আর যেহেতু বেগের দিক পরিবর্তনের কারণে বেগের পরিবর্তন ঘটে, তাই সময়ের সাথে বেগের এই পরিবর্তনের জন্য বৃত্তাকার পথে দ্রুতি স্থির থাকলেও ত্বরণের সৃষ্টি হয়। এই ত্বরণের দিক সবসময় বৃত্তের কেন্দ্রের দিকে থাকে।
প্রশ্ন-১২. তাৎক্ষণিক দ্রুতি বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
উত্তর: সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। এটি নির্দেশ করে অতি ক্ষুদ্র কোনো নির্দিষ্ট মুহূর্তে বস্তুটি কত দ্রুত অবস্থান পরিবর্তন করছে।
প্রশ্ন-১৩. সরল দোলকের গতি স্পন্দন গতি কেন?
উত্তর: সরল দোলকের বব পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে গতিশীল থাকে। স্পন্দন গতির বৈশিষ্ট্য অনুযায়ী গতির এই পর্যবৃত্ত স্বভাবের জন্য সরল দোলকের গতিকে স্পন্দন গতি বলা হয়।
প্রশ্ন-১৪. 6103N বল বলতে কী বোঝায়?
উত্তর: 6103N বা 6000N বল বলতে বোঝায়, 1kg ভরের কোনো বস্তুর ওপর এই পরিমাণ বল প্রয়োগ করলে তাতে 6000ms-2 ত্বরণ সৃষ্টি হবে, অথবা 6000kg ভরের কোনো বস্তুর ওপর প্রয়োগ করলে 1ms-2 ত্বরণ সৃষ্টি হবে।
প্রশ্ন-১৫. ক্ষমতা একটি লব্ধ রাশি – ব্যাখ্যা কর।
উত্তর: যে সকল রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা একাধিক মৌলিক রাশি থেকে লাভ করা যায়, সেগুলোকে লব্ধ রাশি বলে। ক্ষমতা হলো একক সময়ে কৃত কাজ (ক্ষমতা=কাজসময়)। আবার কাজ হলো বল ও সরণের গুণফল এবং বল হলো ভর ও ত্বরণের গুণফল। যেহেতু ক্ষমতাকে বিশ্লেষণ করলে ভর, দৈর্ঘ্য ও সময়—এই মৌলিক রাশিগুলো পাওয়া যায়, তাই ক্ষমতা একটি লব্ধ রাশি।
প্রশ্ন-১৬. “বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না”— ব্যাখ্যা কর।
উত্তর: সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে (ত্বরণ=শেষবেগ-আদিবেগসময়)। যদি কোনো বস্তুর বেগের কোনো পরিবর্তন না ঘটে (অর্থাৎ বস্তুটি সমবেগে চলে), তবে বেগের পরিবর্তন শূন্য হয়। ফলে ত্বরণও শূন্য হয়। তাই বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না।
প্রশ্ন-১৭. তোমার ওজন পৃথিবীতে সকল দেশেই সমান হবে কি? ব্যাখ্যা কর।
উত্তর: না, পৃথিবীতে সব জায়গায় ওজন সমান হবে না। কারণ বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g-এর ওপর নির্ভরশীল (W=mg)। পৃথিবী সম্পূর্ণ গোল না হওয়ায় বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি এবং মেরু অঞ্চলে কম। ফলে মেরু অঞ্চলে g-এর মান সবচেয়ে বেশি এবং বিষুবীয় অঞ্চলে কম। তাই g-এর মানের পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে একই বস্তুর ওজন ভিন্ন হবে।
প্রশ্ন-১৮. পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও এর তৃতীয় সূত্রটি ব্যাখ্যা কর।
উত্তর: গ্যালিলিওর পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হলো: “স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তা ঐ সময়ের বর্গের সমানুপাতিক।” অর্থাৎ অতিক্রম করা দূরত্ব h এবং সময় t হলে, ht2। এর অর্থ সময় দ্বিগুণ হলে অতিক্রান্ত দূরত্ব চারগুণ হবে।
প্রশ্ন-১৯. কম্পনশীল সুর শলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন?
উত্তর: একটি কম্পনশীল সুর শলাকা যখন কাঁপে, তখন এর বাহু দুটি তাদের পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল হয়। স্পন্দন গতির সংজ্ঞানুসারে এই ধরনের গতি সৃষ্টি হওয়ায় সুর শলাকার গতিকে স্পন্দন গতি বলা হয়।
প্রশ্ন-২০. সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো।
উত্তর: সমবেগে চলমান কোনো বস্তুর দ্রুতি এবং গতির দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে। ত্বরণ হলো সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। যেহেতু সমবেগে বেগের কোনো পরিবর্তন ঘটে না (পরিবর্তন = 0), তাই সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না অর্থাৎ ত্বরণ শূন্য হয়।
প্রশ্ন-২১. চলন্ত বাস ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন কেন?
উত্তর: গতিজড়তার কারণে চলন্ত বাস ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন। বাস যখন গতিশীল থাকে, তখন যাত্রীর পুরো শরীরও বাসের সাথে গতিশীল থাকে। কিন্তু বাস ব্রেক কষলে শরীরের নিচের অংশ বাসের সাথে সাথে স্থির হয়ে যায়, তবে ওপরের অংশ গতিজড়তার জন্য আগের গতি বজায় রাখতে সামনের দিকে এগিয়ে যেতে চায়। ফলে যাত্রী সামনে ঝুঁকে পড়েন।
প্রশ্ন-২২. কোনো বস্তুর ত্বরণ 5ms-2 পশ্চিম বলতে কী বোঝ?
উত্তর: কোনো বস্তুর ত্বরণ 5ms-2 পশ্চিম বলতে বোঝায়, বস্তুটি পশ্চিম দিকে গতিশীল এবং পশ্চিম দিকে প্রতি সেকেন্ডে এর বেগ 5ms-1 করে বৃদ্ধি পাচ্ছে।
প্রশ্ন-২৩. কোনো বস্তুর ভরবেগ 500kgms-1 বলতে কী বোঝ?
উত্তর: ভরবেগ হলো ভর ও বেগের গুণফল। কোনো বস্তুর ভরবেগ 500kgms-1 বলতে বোঝায় বস্তুটির ভর এবং বেগের গুণফল 500kgms-1। উদাহরণস্বরূপ, 50kg ভরের কোনো বস্তু যদি 10ms-1 বেগে গতিশীল থাকে, তবে তার ভরবেগ হবে 500kgms-1।
প্রশ্ন-২৪. সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ থেকে কীভাবে ত্বরণ পাওয়া যায় ব্যাখ্যা কর।
উত্তর: সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্র আঁকলে একটি মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। এই সরলরেখার যেকোনো বিন্দুর জন্য বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে অর্থাৎ লেখচিত্রের নতি বা ঢাল (Slope) নির্ণয় করলে ত্বরণের মান পাওয়া যায়।
প্রশ্ন-২৫. স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যকার পার্থক্য ব্যাখ্যা কর।
উত্তর: যে রাশিকে প্রকাশের জন্য কেবল মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে (যেমন: ভর, দূরত্ব)। অন্যদিকে, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলে (যেমন: সরণ, বেগ, বল)।
প্রশ্ন-২৬. অসম ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধির হার সমান নয় কেন?
উত্তর: যদি কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হার সব সময় সমান না থাকে (অর্থাৎ সমান সময়ে সমান পরিমাণ বেগ বৃদ্ধি না পায়), তবে তাকে অসম ত্বরণ বলে। বলের মান বা দিক সময়ের সাথে পরিবর্তিত হলে বেগ বৃদ্ধির হার অসমান হয়ে পড়ে।
প্রশ্ন-২৭. দ্রুতি ও বেগের মাত্রা এক হলেও রাশি দুটি এক নয়-ব্যাখ্যা কর।
উত্তর: দ্রুতি ও বেগ উভয়েরই একক ms-1 এবং মাত্রা [LT-1]। তবে দ্রুতি হলো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার (স্কেলার রাশি, দিক নেই), আর বেগ হলো সময়ের সাথে নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তনের হার (ভেক্টর রাশি, দিক আছে)। তাই মাত্রা এক হলেও দিক নির্দেশনার পার্থক্যের জন্য রাশি দুটি এক নয়।
প্রশ্ন-২৮. পড়ন্ত বস্তুর ২য় সূত্র নিউটনের ১ম গতি সমীকরণের একটি রূপ মাত্র— ব্যাখ্যা কর।
উত্তর: পড়ন্ত বস্তুর ২য় সূত্রমতে, স্থির অবস্থান (u=0) থেকে পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক (vt)। আবার, নিউটনের ১ম গতি সমীকরণ হলো v=u+at। স্থির অবস্থান থেকে অভিকর্ষের প্রভাবে সমত্বরণে (a=g) পড়লে সমীকরণটি দাঁড়ায় v=gt। যেহেতু g ধ্রুবক, তাই vt। অতএব, পড়ন্ত বস্তুর ২য় সূত্রটি মূলত নিউটনের গতি সমীকরণেরই একটি রূপ।
প্রশ্ন-২৯. চাঁদের অভিকর্ষজ ত্বরণ 1.63ms-2 বলতে কী বোঝায়?
উত্তর: চাঁদের অভিকর্ষজ ত্বরণ 1.63ms-2 বলতে বোঝায়, চাঁদের পৃষ্ঠে কোনো বস্তুকে মুক্তভাবে উপর থেকে ছেড়ে দিলে চাঁদের আকর্ষণে তার বেগ প্রতি সেকেন্ডে 1.63ms-1 করে বৃদ্ধি পাবে।
প্রশ্ন-৩০. গড়বেগ কাকে বলে?
উত্তর: কোনো গতিশীল বস্তুর মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে যে বেগ পাওয়া যায়, তাকে বস্তুটির গড়বেগ বলে। (গড়বেগ=মোটসরণমোটসময়)
প্রশ্ন-৩১. পড়ন্ত বস্তুর সূত্রগুলো লেখ।
উত্তর: স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র তিনটি হলো:
১. স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।
২. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক (vt)।
৩. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের বর্গের সমানুপাতিক (ht2)।
প্রশ্ন-৩২. একটি পাকা আম বোঁটাচ্যুত হয়ে নিচে পড়তে থাকলে এর বেগের কোন পরিবর্তন হবে কি?— ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, বেগের পরিবর্তন হবে। বোঁটাচ্যুত পাকা আমটি যখন নিচে পড়তে থাকে, তখন অভিকর্ষ বলের প্রভাবে এটি মুক্তভাবে নিচে নামতে থাকে। ফলে এতে অভিকর্ষজ ত্বরণ (g=9.8ms-2) কাজ করে এবং প্রতি সেকেন্ডে এর বেগ বৃদ্ধি পেতে থাকে।
প্রশ্ন-৩৩. নিউটনের গতির ১ম সূত্র থেকে কীভাবে জড়তার ধারণা পাওয়া যায়?
উত্তর: নিউটনের গতির ১ম সূত্র বলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে চলতে থাকবে। বস্তুর নিজস্ব অবস্থা (স্থির বা গতিশীল) বজায় রাখার এই যে প্রাকৃতিক ধর্ম বা প্রবণতা, তাকেই জড়তা বলে। সুতরাং ১ম সূত্র থেকে বলের অনুপস্থিতিতে অবস্থা বজায় রাখার জড়তার ধারণা স্পষ্ট হয়।
প্রশ্ন-৩৪. একটি মোটরসাইকেল 2ms-2 সুষম ত্বরণে চলা শুরু করল বলতে কী বোঝ?
উত্তর: এটি বোঝায় যে, মোটরসাইকেলটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রতি সেকেন্ডে তার বেগ 2ms-1 করে নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ১ম সেকেন্ড শেষে বেগ 2ms-1, ২য় সেকেন্ড শেষে 4ms-1 এভাবে বাড়তে থাকবে।
প্রশ্ন-৩৫. কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো বস্তু যেখান থেকে যাত্রা শুরু করে আবার ঠিক সেখানেই ফিরে এলে তার মোট সরণ হয় শূন্য, ফলে গড়বেগও হয় শূন্য। কিন্তু এই যাতায়াতে বস্তুটি কিছু পথ অতিক্রম করে বলে অতিক্রান্ত মোট দূরত্ব শূন্য হয় না। তাই মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড় দ্রুতি একটি ধনাত্মক মান নির্দেশ করে। ফলে গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে।
প্রশ্ন-৩৬. সমদ্রুতিতে ও সমবেগে চলন্ত বস্তুর বেগ কীরূপ হবে?
উত্তর: সমবেগে চলন্ত বস্তুর বেগের মান ও দিক উভয়ই অপরিবর্তিত বা স্থির থাকে। অন্যদিকে, সমদ্রুতিতে চলন্ত বস্তুর বেগের মান স্থির থাকে ঠিকই, তবে দিক পরিবর্তিত হতে পারে (যেমন: বৃত্তাকার পথে সমদ্রুতিতে চললে দিক পরিবর্তনের কারণে বেগ পরিবর্তিত হতে থাকে)।
প্রশ্ন-৩৭. দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
উত্তর: পার্থক্যসমূহ নিচে দেওয়া হলো:
১. যেকোনো দিকে বস্তুর অতিক্রান্ত পথের দৈর্ঘ্য হলো দূরত্ব; আর নির্দিষ্ট দিকে আদি ও শেষ অবস্থানের মধ্যকার সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব হলো সরণ।
২. দূরত্ব একটি স্কেলার রাশি, কিন্তু সরণ একটি ভেক্টর রাশি।
৩. গতিশীল বস্তুর দূরত্ব কখনো শূন্য হতে পারে না, কিন্তু গতির শেষে আদি অবস্থানে ফিরে এলে সরণ শূন্য হতে পারে।
প্রশ্ন-৩৮. বিজ্ঞানের ভাষায় বেগ ও দ্রুতি এক নয়— ব্যাখ্যা কর।
উত্তর: সাধারণ কথায় বেগ ও দ্রুতিকে একই মনে হলেও বিজ্ঞানের ভাষায় তারা আলাদা। দ্রুতি দ্বারা কেবল বস্তুর অবস্থানের পরিবর্তনের হার বোঝায় (দিক নির্দেশ থাকে না)। কিন্তু বেগ দ্বারা নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হার বা সরণের হার বোঝায়। দ্রুতি স্কেলার রাশি এবং বেগ ভেক্টর রাশি হওয়ায় বিজ্ঞানের ভাষায় তারা এক নয়।
প্রশ্ন-৩৯. অসম ত্বরণ বলতে কী বোঝায়?
উত্তর: কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান সময় ব্যবধানে সমান না থাকে, তবে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে। অর্থাৎ বেগ যদি নির্দিষ্ট হারে না বেড়ে এলোমেলোভাবে বা অসমানভাবে বাড়তে থাকে, তবে তা অসম ত্বরণ।
প্রশ্ন-৪০. নৌকা থেকে আরোহী লাফ দিলে নৌকা পেছনের দিকে সরে যায় কেন?
উত্তর: এটি নিউটনের গতির তৃতীয় সূত্রের (প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে) প্রয়োগ। আরোহী যখন নৌকা থেকে তীরের দিকে লাফ দেয় (ক্রিয়া বল), তখন সে পা দিয়ে নৌকার ওপর পিছন দিকে একটি সমান বল (প্রতিক্রিয়া বল) প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের কারণে নৌকাটি পেছনের দিকে সরে যায়।
প্রশ্ন-৪১. সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকা সম্ভব— ব্যাখ্যা কর।
উত্তর: কোনো বস্তু সমদ্রুতিতে চললেও তার গতির দিক পরিবর্তিত হতে পারে (যেমন: বৃত্তাকার পথে গতিশীল বস্তুর ক্ষেত্রে)। দিক পরিবর্তনের কারণে বেগের পরিবর্তন ঘটে, আর সময়ের সাথে বেগের পরিবর্তনের হারই হলো ত্বরণ। সুতরাং, বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর দিক পরিবর্তনের জন্য ত্বরণ থাকা সম্ভব।
প্রশ্ন-৪২. “পরম গতি ও পরম স্থিতি বলতে কিছু নেই”—উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: কোনো বস্তুর স্থিতি বা গতি অন্য একটি প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে নির্ণয় করা হয়। কিন্তু এই মহাবিশ্বে এমন কোনো পরম স্থির বস্তু পাওয়া সম্ভব নয় যার সাপেক্ষে অন্য সবকিছুর পরম স্থিতি বা গতি মাপা যাবে। কারণ পৃথিবী, সূর্য, গ্যালাক্সি—সবকিছুই মহাবিশ্বে গতিশীল। তাই পরম স্থির প্রসঙ্গ বস্তুর অভাবে এই মহাবিশ্বে পরম স্থিতি বা পরম গতি বলতে কিছু নেই; সকল স্থিতি ও গতিই আপেক্ষিক।
প্রশ্ন-৪৩. উদাহরণসহ চলনগতি ব্যাখ্যা কর।
উত্তর: কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে এর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তবে সেই গতিকে চলনগতি বলে।
উদাহরণ: একটি বইকে টেবিলের ওপর খাড়া রেখে কোনো দিকে সোজা ঠেলে সরিয়ে নিলে বইটির প্রতিটি কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এটি চলনগতির একটি উদাহরণ।
প্রশ্ন-৪৪. প্রযুক্ত বল কোনো গতিশীল বস্তুর বেগের তথা গতির দিক পরিবর্তন করতে পারে – উদাহরণসহ ব্যাখ্যা কর।
উত্তর: যখন কোনো গতিশীল বস্তুর ওপর গতির অভিমুখে বল প্রয়োগ না করে অন্য কোনো কোণে বা লম্বভাবে বল প্রয়োগ করা হয়, তখন বস্তুটি তার সোজা পথ ছেড়ে বেঁকে যায় অর্থাৎ গতির দিক পরিবর্তিত হয়।
উদাহরণ: কোনো সোজা পথে আসা ফুটবলকে যদি পাশ থেকে লাথি দেওয়া হয়, তবে বলটি আগের দিকে না গিয়ে অন্যদিকে বেঁকে চলে যায়। এখানে প্রযুক্ত বল বেগের দিক পরিবর্তন করেছে।
প্রশ্ন-৪৫. সমমন্দনে চলন্ত একটি বস্তুর বেগ বনাম সময় লেখ এর প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: সমমন্দন বলতে বোঝায় সময়ের সাথে সমান হারে বেগ হ্রাস পাওয়া। তাই বেগ বনাম সময় লেখচিত্রে সময়ের সাথে সাথে বেগের মান সমানভাবে কমতে থাকে। ফলে লেখচিত্রটি Y-অক্ষ (বেগ) থেকে শুরু হয়ে নিচের দিকে নেমে একটি সরলরেখা গঠন করে যা X-অক্ষকে (সময়) স্পর্শ করে।
প্রশ্ন-৪৬. বেগ ভেক্টর রাশি কেন?
উত্তর: যে রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলে। বেগের পূর্ণাঙ্গ প্রকাশের জন্য বস্তুটি কত দ্রুত চলছে (মান) এবং কোন্দিকে যাচ্ছে (দিক)—উভয়ই জানার প্রয়োজন হয়। তাই বেগ একটি ভেক্টর রাশি।
প্রশ্ন-৪৭. কোনো বস্তু কণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই-এরকম হতে পারে কী?
উত্তর: হ্যাঁ, এরকম হতে পারে। বস্তুটি যদি সমবেগে অর্থাৎ স্থির মানে এবং নির্দিষ্ট দিক বজায় রেখে চলে, তবে সময়ের সাথে তার বেগের কোনো পরিবর্তন ঘটে না। যেহেতু বেগের পরিবর্তন শূন্য, তাই সেখানে কোনো ত্বরণ থাকে না। ফলে সমবেগে চলমান কোনো বস্তুর বেগ থাকা সত্ত্বেও ত্বরণ থাকে না (ত্বরণ = 0)।

